ঢাকা, বৃহস্পতিবার   ২০ আগস্ট ২০২৬

 চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ২০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘অশালীন বক্তব্য’দিয়েছেন এমন অভিযোগ তুলে এ ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে জামায়াতকে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুর শহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণার কথা জানান চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

সমাবেশে সলিম উল্লাহ সেলিম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যে ধরনের বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরা এর প্রতিবাদ জানাই এবং তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করছি।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে শালীনতা ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা উচিত। ব্যক্তিগত আক্রমণ বা অশালীন বক্তব্য পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সমালোচনার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীকেও প্রত্যাখ্যানের আহ্বান জানান। তারা বলেন, দেশের রাজনীতিতে জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি